চন্দ্রগঞ্জ মাছ বাজারে সড়ক দখল করে মাছ আনলোড, জনদুর্ভোগ চরমে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ মাছ বাজারে প্রতিনিয়ত সড়ক দখল করে মাছ আনলোড করার অভিযোগ উঠেছে। মাছবাহী যানবাহন বাজারে প্রবেশের সময় রাস্তার একাংশ, কখনও পুরো সড়ক বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ পথচারী, রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের সামনেই প্রকাশ্যে সড়ক দখল করে মাছ আনলোড করা হলেও এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট ও জনদুর্ভোগ। বিশেষ করে সকাল ও দুপুরের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।

স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও এ সমস্যার কারণে ব্যাপক দুর্ভোগে পড়ছে। অনেক শিক্ষার্থীর অভিযোগ, মাছ আনলোডের সময় ছিটকে আসা মাছের পানি তাদের পোশাকে পড়ে নোংরা হয়ে যায়। এতে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাকার্যক্রমেও প্রভাব পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও পথচারী জানান, মাছ আনলোডের জন্য নির্ধারিত স্থান থাকা সত্ত্বেও সড়ক ব্যবহার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, জনসাধারণের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সড়ক দখল করে এমন কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসছে না কেন? প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত নয়, নাকি জেনেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না—এমন প্রশ্নও তুলেছেন অনেকে।

এদিকে বাজারে আধুনিক ও প্রশস্ত মাছের শেড থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র নির্ধারিত শেডে না বসে গেঞ্জিহাটা শেডে আড়ৎদার, পাইকারি ও খুচরা ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, আড়ৎদারদের নিজস্ব আড়তে ব্যবসা পরিচালনার নিয়ম থাকলেও কিছু ব্যক্তি তা মানছেন না এবং বাজার ব্যবস্থাপনার নির্দেশনাকেও গুরুত্ব দিচ্ছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন,

“ব্যবসা চলবে, তবে জনসাধারণের ভোগান্তির বিনিময়ে নয়। সড়ক দখলমুক্ত রেখে বাজার পরিচালনা নিশ্চিত করতে হবে।”

চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন,

“আমরা একাধিকবার মাছ বাজারের শৃঙ্খলা রক্ষার বিষয়ে আড়ৎদারদের সঙ্গে বৈঠক করেছি। সকাল ৯টার মধ্যে মাছ আনলোড শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অনেক আড়ৎদার সেই নির্দেশনা মানছেন না।”

এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে মাছ আনলোডের জন্য নির্ধারিত ব্যবস্থা কার্যকর করা, সড়ক দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *